নিউজ ডেস্কঃ নতুন স্কেলে সরকারি কর্মকর্তাদের বেতন নির্ধারণে পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্রে এ ঘোষণা দেয়া হয়েছে। ‘জাতীয় বেতন স্কেল-২০১৫ এর আদেশ জারির পর বেতন নির্ধারণের জন্য জাতীয় পরিচয়পত্রের ব্যবহার’ শিরোনামের পরিপত্রে বলা হয়েছে, ‘নতুন বেতন স্কেলের আদেশ গেজেট আকারে প্রকাশের পর প্রজাতন্ত্রের সকল চাকরিজীবির বেতন নির্ধারণ করার প্রয়োজন হয়। যা একটি দীর্ঘ, শ্রমসাধ্য ও সময় সাপেক্ষ প্রক্রিয়া।’ ‘আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এ প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও নির্ভুল করতে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা জাতীয় বেতন স্কেল- ২০১৫ এর আদেশ গেজেট আকারে প্রকাশের সাথে সাথে কার্যকর হবে। এ পদ্ধতিতে প্রত্যেক সরকারি চাকরিজীবিকে ইন্টারনেট ব্যবহার করে নির্ধারিত একটি ওয়েবসাইটে ঢুকে নিজ নিজ বেতন নির্ধারণের জন্য নির্দিষ্ট ছক পূরণ করতে হবে।’ পরিপত্রে বলা হয়েছে, ‘এ কাজে সকলকে আবিশ্যিকভাবে নির্বাচন কমিশনের দেয়া জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ ব্যবহার করতে হবে।’ যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের শীঘ্রই নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জাতীয় পরিচয় নিবন্ধন করার পরামর্শ দিয়ে পরিপত্রে বলা হয়েছে, যাদের পরিচয়পত্রের জন্ম তারিখ, নামের বানান ও অন্যান্য তথ্য চাকরির রেকর্ডে দেয়া তথ্যের সঙ্গে মেলে না, তাদের বেতন নির্ধারণের আগেই নিজ উদ্যোগে জাতীয় পরিচয়পত্র আবিশ্যিকভাবে সংশোধন করিয়ে নেয়ার অনুরোধ করা হল। গত ৭ সেপ্টেম্বর সর্বোচ্চ বেতন (গ্রেড-১) ৭৮ হাজার টাকা ও সর্বনিম্ন (গ্রেড-২০) ৮ হাজার ২৫০ টাকা নির্ধারণ করে সামরিক ও বেসামরিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো অনুমোদন দেয় মন্ত্রিসভা। এ মাসের শেষে বা আগামী নভেম্বর মাসের শুরুতে ৮ম বেতন কাঠামোর গেজেট জারি হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে।
