এমপি লিটনকে গ্রেফতারে কোনো বাধা রইলো না

এমপি লিটনকে গ্রেফতারে কোনো বাধা রইলো না
নিউজ ডেস্কঃ শিশুকে গুলি করে আহত করার মামলায় গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতারে আর কোনো বাধা রইলো না। সুপ্রিমকোর্টের চেম্বার বিচারপতি আত্মসমর্পণ করার আদেশ ১ সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী এমপি লিটনকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় আত্মগোপনে থাকার পর গত সোমবার দুপুরে হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন গাইবান্ধা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। কিন্তু আদালত এমপি লিটনের জামিন আবেদন খারিজ করে ১৮ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে গ্রেফতার করার সুবিধার্থে আত্মসমর্পণের আদেশ স্থগিতের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ অবস্থায় শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় এমপি লিটনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের যে আদেশ হাইকোর্ট দিয়েছে তা স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। এর ফলে এমপি লিটনকে গ্রেপ্তারে আর কোনো আইনি বাধা থাকলো না। এদিকে, আদালতের নির্দেশনা অনুযায়ী গাইবান্ধার এমপি লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গত ২ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে আহত করে এমপি লিটন। ঘটনার পরদিন আহত সৌরভের বাবা সাজু মিয়া এমপি লিটনকে আসামি করে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। এদিকে, দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে শিশু সৌরভ এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অন্যদিকে, এমপি লিটনকে গ্রেফতারের বিষয়ে উচ্চ আদালতের দেয়া আদেশে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের মানুষ। একই সঙ্গে এই আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন বিশিষ্টজনেরা।

Post a Comment

Previous Post Next Post