অনলাইন ডেস্কঃ পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ সহজ করে দেওয়া হচ্ছে। মেয়র পদের জন্য ১০০ জন ভোটার এবং কাউন্সিলরদের জন্য ৫০ জন ভোটারের সমর্থন হলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ মিলবে। নারী কাউন্সিলরদের জন্য এই শর্ত আরও শিথিল করে ২৫ জন করা হতে পারে। এদিকে এর আগে একাধিক ধাপে নির্বাচনের পরিকল্পনা থাকলেও এখন একই দিনে ২৪৫ পৌরসভায় ভোটের আয়োজন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বরে তফসিল ঘোষণা করে ডিসেম্বরের শেষ সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের সমর্থনসূচক স্বাক্ষর বাধ্যতামূলক। তবে পৌর নির্বাচনে এই বিধান শিথিল আকারে প্রয়োগ হচ্ছে। এ ছাড়া মেয়র পদ লাভজনক কি-না এ নিয়ে দীর্ঘ আইনি বিতর্ক হলেও তাদের পদে থেকে নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক। স্বতন্ত্র প্রার্থিতার ক্ষেত্রে নতুন বিধান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশ নেন তাদের সবার দলীয় পরিচয় থাকে না। নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনয়ন ছাড়াও অন্যদের প্রার্থিতা সহজ করার বিষয়টি মাথায় রেখেই বিধিমালা প্রণয়ন করা হবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসি সচিবালয়। ২৪৫ পৌরসভায় প্রায় ৭৫ লাখ ভোটার ও পাঁচ হাজারের মতো ওয়ার্ড রয়েছে। এ জন্য পাঁচ হাজার ধরনের ব্যালট ছাপাতে হবে।
