নিউজ ডেস্কঃ মদনমোহন কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান মন্ত্রীকে আমন্ত্রনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ড.আবুল ফতেহ ফাত্তাহ। শনিবার বিকালে কলেজের শিক্ষক মিলনায়তনে ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রাক প্রস্তুতি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি জানান, চলতি বছরের ২৫ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ৭৫ বছর পূর্তির ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ লক্ষ্যে আগামীকাল রোববার থেকে কলেজ ক্যাম্পাসে এসে অথবা দেশ বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে পারবেন। নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের জন্য স্থানীয় পূবালী ব্যাংক (স্টেডিয়াম শাখা, লামা বাজারে ইউসিবিএল) ব্যাংকে দুটি অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘ পথ পরিক্রমায় এ বছর মদনমোহন কলেজের ৭৫ বছরে উন্নিত হবে। এ জন্য কলেজ গভর্ণিং বডির সিদ্ধান্ত অনুযায়ী কলেজ অধ্যক্ষের নেতৃত্বে ৯১ সদস্য বিশিষ্ট প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন ও এক্স স্টুডেন্টস পুনর্মিলন কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ৩ দিন ব্যাপী ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২০ টি উপ-কমিটি গঠন করা হয়েছে। উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী ও কলেজ গভর্নিং বডির সভাপতি আবুল মাল আবদুল মুহিত । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গভর্ণিং বডির সদস্য আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গভর্ণিং বডির সদস্য আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা ও গভর্ণিং বডির সদস্য বিজিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য্য, মদন মোহনের নাতী সুকেন্দ্র বিকাশ, উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জুন, অধ্যাপক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
