নিউজ ডেস্কঃ বাংলা ছবির একটি দৃশ্যের সাথে এ দেশের মানুষ কম-বেশি সবাই বেশ পরিচিত আছেন। ধনীর আদরের দুলাল কিংবা দুলালী কর্তৃক বেপরোয়া গাড়ি চালিয়ে গরীব মানুষের অনিষ্ট করা। এবার তারই বাস্তব একটি মহড়া হয়ে গেল রাজধানীর গুলশানে। বড়লোকের বেপরোয়া এক কিশোর সন্তানের গাড়ির নিচে পড়ে পৃষ্ট হতে গিয়েও কোন রকমে বেঁচে গেছেন ৪ জন ব্যক্তি। এর মধ্যে অবশ্য ২ জনের অবস্থা গুরুতর। ফারেজ রহমান নামের ওই কিশোর ব্যস্ত রাস্তায় গাড়ি চালাতে চালাতে নিজের ভিডিও করছিলো এবং সেলফি তুলছিলো। আর সেগুলো তাৎক্ষনিক অ্যাপ এর মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ারও করছিলেন। এ সময় তার পাশে তার এক বন্ধুও বসে ছিল। সেও একই কাজে ব্যস্ত ছিল। যেহেতু চালকের আসনে বসে অন্য কাজ চলছিল আর বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল, তাই যা ঘটার তাই ঘটল। হঠাৎ করেই নিয়ন্ত্রন হারিয়ে গুলশানের ৭৪ নম্বর সড়কে অপেক্ষারত ২টি রিক্সার উপর উঠিয়ে যায় গাড়িটি। এ সময় সেখানে ৪ জন লোক গুরুতর আহত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, আহতদের মধ্যে মো. রফিক (২৭) এর অবস্থা আশংকাজনক। তাকে গুরুতর অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গুলশান থানার সাবইন্সপেক্টর ফেরদৌস আহমেদ বিশ্বাস জানিয়েছেন, সোমবার বেলা ৩:৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। আহত ৪ জনের মধ্যে ২ জন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও মো. রফিক ও আবদুল হাকিম (৩২) নামের আরেকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে জানা গেছে, ঘটনার হোতা ফারেজ আওয়ামী লীগ দলীয় এমপি ড. এইচ.বি.এম ইকবালের ভাইপো। যদিও পুলিশ জানিয়েছে ঘটনার পর গাড়িটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত এ বিষয়ে থানায় কোন মামলা দায়ের করা হয়নি। সূত্র: ডেইলি স্টার
