স্পোর্টস ডেস্কঃ গত বছর তীরে এসে তরী ডুবিয়েছিলেন আর্জেন্টাইন বিশ্বতারকা লিওনেল মেসি। আরেকটু হলেই তার হাতে শোভা পেলো ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কারটি। কিন্তু তা হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকেই নির্বাচিত করেছিলেন কর্তৃপক্ষ। তাতেই বা কী আসে যায় মেসির! আগামী কিছু দিনের মধ্যেই ২০১৫ ব্যালন ডি’অর সেরার নাম ঘোষণা করা হবে। এদিকে গত বছর না হলেও ২০১৫ সালের ব্যালন ডি’অর ইতোমধ্যেই মেসির জন্য সংরক্ষিত রয়েছে বলে বিশ্বাস করেন তার বার্সেলোনা সতীর্থ নেইমার। গত মৌসুমে বার্সেলোনাকে ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা মেসি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই পুরস্কারের জন্য টপ ফেবারিট হিসেবে ইতোমধ্যেই তালিকায় নিজের স্থান করে নিয়েছেন। বার্সেলোনার হয়ে পারফর্ম করা ছাড়া তার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠতে সমর্থ হয়। আগামী বছরের জানুয়ারিতে বহুল প্রতিক্ষীত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেষ পর্যন্ত মেসির নামটাই ঘোষিত হবে বলে নেইমারের বিশ্বাস। তবে বর্তমান বিজয়ী ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়েও অনেকেই আশাবাদী ব্রাজিলিয়ান পোস্টার বয়। এ সম্পর্কে স্থানীয় গণমাধ্যমে নেইমার বলেছেন, ‘লিওই ফেবারিট। এই বছর ব্যালন ডি’অর মেসির জন্যই সংরক্ষিত রয়েছে। বিশ্বের সেরা খেলোয়াড়ের নাম ইতোমধ্যেই সবার জানা হয়ে গেছে, বাকি রয়েছে শুধু আনুষ্ঠানিক ঘোষণার। পুরো মৌসুমে সে যা করেছে তাতে এবারের পুরস্কারটা তারই প্রাপ্য।’ তিনি আরো বলেন, ‘মেসির সাথে এক দলে খেলে আমি তার মত করে গড়ে উঠতে চাই। বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে সেই আমার আইডল। আমি যদি তার কাছ থেকে কিছু শিখতে পারি তবে বলা যায়না একদিন আমিও এই পুরস্কার জিততে পারি। অবশ্যই আমি শীর্ষ তিন খেলোয়াড়ের মধ্যে থাকতে চাই। এটা অবশ্যই আমার জন্য একটি বিশাল প্রাপ্তি হবে।’ বর্তমানে হাঁটুর লিগামেন্টে ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন মেসি। আর সে কারণেই বার্সেলোনার আক্রমণভাগের অনেকটা দায়িত্ব এসে পড়েছে নেইমারের ওপর। এ সম্পর্কে নেইমার বলেছেন, ছোটবেলা থেকেই দায়িত্ব গ্রহণের ব্যপারে আমি কোনো দ্বিমত করিনি। সান্তোস কিংবা জাতীয় দল কোনো জায়গায় আমি ভয় পাইনি। কিন্তু এখানকার পরিস্থিতি ভিন্ন। আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে জানি। সতীর্থদের সহযোগিতা করার জন্য যা কিছু করা প্রয়োজন আমি করবো। কঠিন জানলেও চ্যালেঞ্জ নিয়ে আমি কখনই ভীত নই। খুব শিগগিরই লিও সুস্থ হয়ে মাঠে ফিরে আসবে- এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার।
