![]() |
| কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ |
সেলিম আহমেদ: নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার কারণে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. মহি উদ্দিনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। মঙ্গলবার নতুন কর্মস্থল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ। কুলাউড়া হাসপাতালে পানি সংকটে রোগীদের অবর্ণনীয় দুর্ভোগ, কুলাউড়া টিকা না পেয়ে ফিরে গেছে শিশুরা- শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর শুরু হয় তোলপাড়। টনক নড়ে স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের। গত ৫ অক্টোবর ৩ সদস্যের একটি তদন্ত কমিটি এসব বিষয়ে তদন্ত করে। তদন্তে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে অবহেলার বিষয়টি প্রমাণিত হয়। তদন্ত কমিটির প্রতিবেদন জমার এক সাপ্তাহের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. মহি উদ্দিনকে স্ট্যান্ড রিলিজ করা হয়। হাসপাতালের একাধিক নির্ভরযোগ্য সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে দায়িত্বে অবহেলার পরও ইপিআই টেকনিশিয়ান আপ্তাব উদ্দিন আহমদ রয়েছেন এখনও বহাল তবিয়তে। মঙ্গলবার কুলাউড়া হাসপাতালের কোন কার্যক্রমে অংশ নেননি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ড. মহি উদ্দিন। তবে নতুন কর্মস্থলে যোগদান না করে কুলাউড়া হাসপাতালে তার জন্য বরাদ্ধকৃত বাসায় ছিলেন বলে জানা গেছে।
