![]() |
| বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন |
নিউজ ডেস্কঃ আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। দিনের শুরুতে ভোরে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীসভার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বাঙালির হাজার বছরের ইতিহাসের কলঙ্কময় দিন আজ। তাই বিনম্র শ্রদ্ধায় শোকতুর এই দিনে ভোরের আলো ফুটতে না ফুটতেই স্বাধীন বাংলাদেশের রূপকার, জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শনিবার ভোর সাড়ে ছয়টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ-সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর; জানানো হয় রাষ্ট্রীয় সশস্ত্র সালাম। এর কিছু পরই দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতির পিতার স্মৃতিফলকে একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীসভার সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে, সমাজের সর্বস্তরের জনতার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ধানমণ্ডির ৩২ নম্বর সড়কটি। কিছু সময় ৩২ নম্বরের স্মৃতিমাখা সেই ভবনে অবস্থান শেষে পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী পৌঁছান বনানী কবরস্থানে; সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। শ্রদ্ধা জানাতে গিয়ে বেশকিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তাঁরা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ সময় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, 'শোকাবহ পনেরো আগস্টে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেছি। দেশে এ ধরণের দৃষ্টান্ত আমরা দেখতে চাই না। বঙ্গবন্ধুর খুনিরা যেখানেই থাকুক তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নিয়ে আসা হবে।' হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করে পরাজিত শক্তি ধ্বংস করে দিতে চেয়েছে পুরো জাতিকে। কিন্তু তারা সেটা যেমন পারেনি তেমনি পারেনি বঙ্গবন্ধুর আদর্শকে কেড়ে নিতেও।
