১৬ গ্রামে ৬ দিন ধরে বিদ্যুৎ নেই

১৬ গ্রামে ৬ দিন ধরে বিদ্যুৎ নেই
১৬ গ্রামে ৬ দিন ধরে বিদ্যুৎ নেই
আলাউদ্দিন কবির: কুলাউড়ার ১৬ গ্রামে ৬ দিন থেকে বিদ্যুৎ নেই। ফলে সহস্রাধিক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। একটি ট্রান্সফরমার চুরি ও দুটি বিকল হওয়ার কারণে এ জনদুর্ভোগ দেখা দিয়েছে। জানা যায়, কর্মধা ইউনিয়নের পূর্ব হাসিমপুর হাজীবাড়ির দক্ষিণ পাশে ১০০ কেভির একটি ট্রান্সফরমার ১২ই আগস্ট রাতে চুরি হয়। ফলে ওই ট্রান্সফরমারের অধীনে পূর্ব হাসিমপুর, সদর ইউনিয়নের গুতগুতি, লক্ষীপুর (একাংশ), কবিরাজি (একাংশ)’র ৪টি গ্রামের দেড় শতাধিক গ্রাহক বিদ্যুৎহীন রয়েছে। ১৩ই আগস্ট ভোরে সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ১০০ কেভির একটি ট্রান্সফরমার হঠাৎ বিকল হয়ে যায়। ফলে লক্ষীপুর, রাঙ্গিছড়া বাজার, চা বাগান, গুতুমপুর গ্রামের দু’শতাধিক গ্রাহক বিদ্যুৎহীন। সর্বশেষ ১২ই আগস্ট রাতে বেরী এলাকায় অবস্থিত ২৫০ কেভির একটি ট্রান্সফরমার আকস্মিকভাবে বিকল হলে দুর্ভোগে পড়েন কর্মধা ইউপির হাসিমপুর, বেরী, বাবনিয়া, কান্দিগাঁও, রাউৎগাঁও ইউপির কবিরাজি, রুস্তমপুর, পালগ্রাম, পৃথিমপাশা ইউনিয়নের পুরশাই এলাকার প্রায় ৮শত গ্রাহক। এলাকাবাসী তাৎক্ষনিকভাবে কুলাউড়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে যোগাযোগ করে তাদের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য উম্মর আলী, আসুক আহমদ, কলা মিয়া, রাঙ্গীছড়া বাজারের ভিটা মালিক সমিতির সম্পাদক মুহিব আহমদ, ব্যবসায়ী বাবুল আহমদ, সুহেল আহমদ, লিটন মিয়া, গফুর মিয়া, আশিক মিয়া, ইব্রাহিম আলী জানান, বিদ্যুৎ না থাকায় জনসাধারণের দুর্ভোগের পাশাপাশি ১টি বাজারের অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান, ৬টি রাইস মিল, অর্ধ শতাধিক পোল্ট্রি খামারিরা বিপাকে পড়েছেন। এদিকে গ্রাহকদের মধ্যে বিদ্যুতের লাইন (তার) চুরিরও শংকায় কেউ কেউ রাত জেগে পাহারা দিচ্ছেন। এ ব্যাপারে কুলাউড়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আবু জাফর জানান, ট্রান্সফরমার চুরির বিষয়ে কুলাউড়া থানায় মামলা হয়েছে। বিকল দুটি ট্রান্সফরমারের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post