আমিন জাহানঃ লিওনেল মেসির নৈপুণ্যে এবং পেদ্রোর অতিরিক্ত সময়ের গোলে সেভিয়াকে হারিয়ে বছরের ৪র্থ শিরোপা নিশ্চিত করলো বার্সেলোনা। সেভিয়াকে ৫-৪ গোলে হারায় কাতালানরা। জর্জিয়ার তিবিলিসিতে ম্যাচের ৩ মিনিটেই বানেগার গোলে লিড নেয় সেভিয়া। এরপর সমতা আনতেও অবশ্য খুব বেশি সময় নেয়নি বার্সা। ম্যাচের ৭ মিনিটে গোল পরিশোধ করেন মেসি। এরপর ম্যাচের ১৫ মিনিটে কাতালানদের হয়ে নিজের জোড়া গোল পূরণ করেন এই আর্জেন্টাইন তারকা। ম্যাচের বয়স যখন ৪৪ মিনিট, তখন রাফিনহা গোল করে ব্যবধান বাড়ান। বিরতির পর ফিরে ম্যাচের ৫২ মিনিটে উরুগুইয়ান তারকা সুয়ারেজের অসাধারণ এক গোলে চার গোলের কোটা পূরণ করে লুই এনরিকের দল। এরপর অবশ্য ৫৭ মিনিটে রিয়েস এবং ৭২ মিনিটে গামেইরো ব্যবধান কমান সেভিয়ার হয়ে। এরপর ৮১ মিনিটে কোনো-প্লিয়াঙ্কার গোলে সেভিয়া সমতায় ফিরলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে ম্যাচের ১১৫ মিনিটে, পেদ্রো গোল করে জয় এনে দেন বার্সাকে। আর এতেই বছরের ৪র্থ শিরোপার উল্লাসে মাতে কাতালানরা।
