![]() |
| বার্সা শিরোপার কাছাকাছি |
আমিন জাহানঃ ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিসের খেসারত দিয়ে রিয়াল মাদ্রিদ ২-২ গোলে ড্র করেছে ভ্যালেন্সিয়ার সঙ্গে। একই দিন রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সা। আগামী রোববার আতলেতিকো মাদ্রিদের মাঠে পরের ম্যাচটা জিতলেই ২৩তম লিগ শিরোপা-উৎসব শুরু করে দিতে পারবে কাতালানরা। শনিবার রাতে ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে বার্সার সামনে বাধার প্রাচীর গড়ে দাঁড়িয়েছিলেন সোসিয়েদাদের তরুণ আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলি। তবে প্রথমার্ধে জাল অক্ষত রাখতে পারলেও বিরতির পর প্রতিপক্ষের দুর্দান্ত ফরোয়ার্ডদের তিনি গোলবঞ্চিত করতে পারেননি। ৫১ মিনিটে লিওনেল মেসির ক্রস থেকে হেড করে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দিতে সমস্যা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমারের। ৮৫ মিনিটে স্বাগতিকদের জয় নিশ্চিত করা গোলের নির্মাতাও মেসি। তবে গোলদাতা পেদ্রোকেই বেশি কৃতিত্ব দেওয়া উচিৎ। মেসির ক্রস থেকে অসাধারণ ওভারহেড কিকে বল জালে পাঠিয়ে দেন গোলটির মাত্র তিন মিনিট আগে বদলি হিসেবে নামা পেদ্রো। ৩৬ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৯০ পয়েন্ট। সমান ম্যাচ খেলে চার পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল।
