বাংলাদেশিদের বর্ষবরণ মালয়েশিয়ার জহুর প্রদেশে

বাংলাদেশিদের বর্ষবরণ মালয়েশিয়ার জহুর প্রদেশে
বাংলাদেশিদের বর্ষবরণ মালয়েশিয়ার জহুর প্রদেশে
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার জহুর প্রদেশে বাংলাদেশ কমিউনিটি ১৪২২ বাংলা সনকে বরণ করে নিয়েছে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে। বুধবার সংগঠনটি নানা অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের নিজস্ব কমিউনিটি সেন্টারে পান্তা-ইলিশ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল। পর্যটন রগরী কুয়ালালামপুর থেকে প্রায় সাড়ে ৩শ কিলোমিটার দূরে জহুর প্রদেশ বাংলাদেশিদের জন্য একটি জনবহুল এলাকা। জহুর প্রদেশে অনেক বাংলাদেশি শ্রমিক বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরত দীর্ঘদিন থেকে। জহুর প্রদেশে অবস্থানরত সকল প্রবাসীদের সঙ্গে নিয়ে গঠিত বাংলাদেশ কমিউনিটি আয়োজন করে বর্ষবরণ উৎসবের। সকাল সাড়ে ৯টায় বাংলার ঐতিহ্য পান্তা-ইলিশ খেয়ে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করেন জহুর প্রদেশের প্রবাসী বাংলাদেশিরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে মেতে ওঠেন তারা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে জহুর কমিউনিটি সেন্টারে যেন লাগে প্রাণের উচ্ছ্বাস। সকাল থেকেই শাড়ি ও পাঞ্জাবি পড়ে ছেলে-মেয়েরা জহুর কমিউনিটি সেন্টারে আসতে শুরু করে। নতুন নতুন বাহারি রঙের পোশাকে তরুণ-তরুণীদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। নাচে-গানে জহুরবারু প্রদেশের যুবকরা একে অপরকে ধরে কোলাকুলি করেন আর পান্তা-ইলিশ খাওয়ার ধুম পড়ে। জহুর প্রদেশের প্রবাসী বাংলাদেশিরা যেন দূর বিদেশে বসেও ফিরে পান বাংলার সংস্কৃতিকে। বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট মোহাম্মদ তরিকুল ইসলাম রবিন, জেনারেল সেক্রেটারি এমজে আলম, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ তারিকুল ইসলাম আমিন জানান, বাংলাদেশ কমিউনিটি জহুরে বর্ষবরণে অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছিল। নতুন বর্ষকে বরণ করতে জহুর প্রদেশের কমিউনিটি সেন্টারটিকেও সাজানো হয় নতুনভাবে। ভবনের সামনে রং-বেরঙের আলপনা আঁকা হয়। সংগঠনের আয়োজকরা আরও জানান, ২৫ বছর পরে হলেও মালয়েশিয়ার জহুর প্রদেশের জহুরবারু সিটিতে দুইশ জনেরও অধিক বাংলাদেশি ব্যবসায়ীবৃন্দের সমন্বয়ে `বাংলাদেশি কমউনিটি অব জহুর মালয়েশিয়া` প্রতিষ্ঠা পেয়েছে। এই সংগঠনটির উদ্দেশ্য হলো জহুরসহ মালয়েশিয়ার সকল প্রবাসী ভাই-বোনদের বিপদ-আপদে ও সুখে-দুখে পাশে থাকা। ইতিমধ্যেই মালয়েশিয়ার বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করে মালয়েশিয়ার সরকার কর্তৃক প্রশংসিত হয়েছে এবং কয়েক জন বাংলাদেশির মৃতদেহ দেশে প্রেরণ করতে সাহায্য করেছে। এছাড়াও কোনো প্রবাসী যেন কারও দ্বারা ভিসাজনিত ও নানা বিষয়ে প্রতারিত না হয় সেসব প্রবাসীদের সহায়তা প্রদান করবে। এই সংগঠন শুধু মাত্র ব্যবসায়ীদের জন্য নয় সকল বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। এ সংগঠন মালয়েশিয়ায় সকল বাংলাদেশির নির্ভরতার স্থান হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক এমজে আলম বলেন, দলমত ভুলে এক পতাকার নিচে এসে নিজের শক্তিকে আরও শক্তিশালী করবে। নিজেদের বিবাদ ভুলে দেশ ও জাতিকে মালাশিয়ানদের কাছে উজ্জ্বল করে তুলবে।

Post a Comment

Previous Post Next Post