বৈশাখ উপলক্ষে ভোলায় ইলিশ নিধনের মহোৎসব

বৈশাখ উপলক্ষে ভোলায় ইলিশ নিধনের মহোৎসব
বৈশাখ উপলক্ষে ভোলায় ইলিশ নিধনের মহোৎসব
নিউজ ডেস্কঃ পহেলা বৈশাখকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছেন ভোলার জেলেরা। জেল জরিমানা এমনকি সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ইলিশ নিধনের মহোৎসবে মেতে উঠেছেন তারা। নিষেধাজ্ঞার মধ্যেই মাছ-ঘাট ও হাট-বাজারগুলোতে প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা। তবে ইলিশ ধরা বন্ধ করতে অতিরিক্ত টহল ও অভিযান চলছে বলে জানায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। রূপালী ইলিশ রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনার ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ১শ' কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞার প্রথমদিকে কিছুটা শিথিল থাকলেও পহেলা বৈশাখের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বেপরোয়া হয়ে উঠেছেন জেলেরা। ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায় ও দাম বেশি পাওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেই হাজার হাজার জেলে মাছ শিকারে নেমে পড়েছেন। বড় ইলিশের কেজি ২ থেকে আড়াই হাজার টাকা ও জাটকা ৫শ’ থেকে ৮শ’ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে জেলেরা বলছেন, সংসার চালানোর জন্য নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে জেলেদের ইলিশ শিকার বন্ধে কোস্ট গার্ড অতিরিক্ত ৭টি আউটপোস্ট স্থাপন ও টহলবৃদ্ধি করেছে বলে জানালেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেসন্স) লে. মোজাহিদুর রহমান। অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছে স্বীকার করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা প্রতীষ কুমার মল্লিক বলেন, মাছ ধরা রোধে চেষ্টা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় কোস্ট গার্ড ৮ কোটি ৩ লাখ মিটার অবৈধ জাল, ৯০ হাজার কেজি ইলিশ ও ১১টি ট্রলার জব্দ করেছে। আটক করেছে ৩৪ জন জেলেকে।

Post a Comment

Previous Post Next Post