আইপিএল ৮ এ প্রথম জয় পেল দিল্লি

আইপিএল ৮ এ প্রথম জয় পেল দিল্লি
আইপিএল ৮ এ প্রথম জয় পেল দিল্লি
স্পোর্টস ডেস্কঃ দুর্দান্ত বোলিংয়ে জেপি ডুমিনি’র দিল্লি ডেয়ারডেভিলস পাঁচ উইকেটে হারালো কিংস ইলেভেন পাঞ্জাবকে। সেইসঙ্গে আইপিএল ৮ এর প্রথম জয় পেল দিল্লি। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে বুধবার দিল্লির জয়ে ৪৩ রানে তিন উইকেট নিয়ে দারুণ অবদান রাখেন ইমরান তাহির। আর ব্যাট হাতে আগরওয়াল (৬৮) ও যুবরাজ সিংয়ের (৫৫) ব্যাটে চড়ে এক বল হাতে রেখে জয় পায় দিল্লি। জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। ২৩ রান তুলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। তবে প্রতিপক্ষের বোলারদের আঁটসাঁট বোলিং আটকাতে পারেনি দিল্লিকে। আগরওয়াল ও যুবরাজের পর অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মনোজ তিওয়ারি অপরাজিত থেকে দিল্লিকে প্রথম জয় এনে দেন। এর আগে দিল্লির বোলারদের দাপটে পর্যাপ্ত ব্যাট হাঁকাতে পারেননি কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান তুলে থেমে যায় তাদের ইনিংস। কিংস ইলেভেন পাঞ্জাবের কোনো ব্যাটসম্যান অর্ধশতক পেরুনো ইনিংস খেলতে পারেননি। জেপি ডুমিনির বলে ক্যাচ দেওয়ার আগে সর্বোচ্চ ৪৭ রান করেন বীরেন্দর শেবাগ। শেবাগের ইনিংসটি চারটি চার ও দুটি ছক্কায় সাজানো। পাঞ্জাবের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তোলেন ঋদ্ধি সাহা। ২৮ বলে তিন ছক্কায় ৩৯ রান করেন তিনি। দিল্লির ইমরান তাহির সর্বোচ্চ তিন উইকেট নেন। ডুমিনি ‍দুটি এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অমিত মিশ্র একটি করে উইকেট নেন।

Post a Comment

Previous Post Next Post