আজ (শুক্রবার) মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান

 আজ (শুক্রবার) মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান
মোহাইমিন ইসলাম মাহিনঃ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে সফররত পাকিস্তান। প্রতিপক্ষের সার্বিক অবস্থা বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ'কেই ফেভারিট হিসেবে এগিয়ে রেখেছেন সাকিব আল হাসান। আর সেই সাথে সিরিজ জয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন। অন্যদিকে, টাইগারকে ফেভারিট মেনে, ভাল খেলার প্রত্যয় পাকিস্তানের। মিরপুরে দু'দলের ম্যাচটি শুরু হবে আজ শুক্রবার দুপুর আড়াই'টায়। মনি মুক্ত কিংবা খনিজ সম্পদ খোঁজার উদ্দেশ্যে নয়। মিরপুরের উইকেটের গতি বিধি কেমন হতে পারে? পিচ কিউরেটর গামীনির প্রায় ১৫ মিনিট ঐ গবেষণা করলেন টাইগার কোচ। কারণ স্বাগতিক হওয়ায় উইকেট থেকে যথার্থ সুবিধা আদায় করতে পারলেই তো, ৯৯ বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে জয় নামক অমাবস্যার চাঁদটাকে ছুঁতে পারবে বাংলাদেশ। শুক্রবার মিরপুরের ক্রিকেট আকাশে নাকি সেই চাঁদ উঠবে। বিশ্বাস বাংলাদেশের ক্রিকেট যোদ্ধাদের। কারণ তারাও যে তীর্থের কাকের মতোই চেয়ে আছে স্বপ্নিল জয়টার জন্য। তাই প্রতিপক্ষকে আগাম হুঙ্কার টাইগারদের। সাকিব বলেন, '১৬ বছরে হয়নি তার মানে তো এই নয় যে কখনো হবে না। আমরা মনে করি আমরাই ফেভারিট। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের জয়ের সামর্থ্য আছে।' কিন্তু, এই মিরপুরের মাঠেই ২০১২ ও ১৪ এশিয়া কাপে আরাধ্য জয়টা খুব কাছে গিয়েও ফসকে গেছে। এবার সেই কষ্টগুলো ভুলে ষোল আনা শোধ নেয়ার মোক্ষম সুযোগ বলেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব। তিনি বলেন, 'আমরা প্রতিজ্ঞা করতে পারি আমাদের সবচেয়ে ভালোটুকুই দেবো। আমি জানি সবার ভেতরে সেই আগ্রহটুকু আছে। পাকিস্তানের বিরুদ্ধে ভালো করার এটাই আমাদের সবচেয়ে ভালো সুযোগ।' অন্যদিকে, অভিজ্ঞ খেলোয়াড় ছাটাই, ইনজুরি সমস্যা আর বিসিবি একাদশের কাছে লজ্জাজনক হারে ছন্নছাড়া দলীয় পারফরমেন্সে বাঘের মুখে পড়ে ভয় আঁকড়ে ধরেছে পাকিস্তানকে। তাই তারুণ্য নির্ভর দল নিয়ে জয়ের কথা দূরে থাক লড়াই করার প্রত্যয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস বলেন, 'বিশ্বকাপে বাংলাদেশ দারুণ পারফরমেন্স করেছে। যার কারণে তারা খুবই আত্মবিশ্বাসী। হ্যাঁ এই সিরিজে টাইগাররাই ফেভারিট। তবে, আমাদের খেলোয়াড়দেরও ভালো খেলার সামর্থ্য আছে।' পরিসংখ্যান বলেছে দু'দলের ৩২ বারের সাক্ষাতে পাকিস্তান ৩১ আর বাংলাদেশের জয় ১টি ম্যাচে।

Post a Comment

Previous Post Next Post