বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট: ফাইনালে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল

আমিন জাহানঃ বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল। মিরপুরে পূর্বাঞ্চলের ২১৮ রানের জবাবে, আরাফাত সানীর বোলিং তোপে ১২০ রানে অল আউট হয় মধ্যাঞ্চল। অন্যদিকে ফতুল্লায়, ৩২১ রানের জবাবে দক্ষিণাঞ্চল ২৩৩ রানে গুটিয়ে গেলে ৮৮ রানের জয় পায় উত্তরাঞ্চল। আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল। বিসিএলের ফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই। মিরপুরে মধ্যাঞ্চলের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। চোটের কারণে তামিম একাদশে না থাকায় এদিন পূর্বাঞ্চলের হয়ে ইনিংসের সূচনা করেন লিটন দাস ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে ২৬ রান যোগ করে সাদমান আউট হন ৯ রান করে। এরপর তাসকিনের দারুণ বোলিংয়ে বড় জুটি গড়তে পারেনি পূর্বাঞ্চল। ফলে ৭৫ রানেই ৫ উইকেট হারায় তারা। এরপর আসিফ আহমেদ ও নাজমুল হোসেন ৫৪ রান যোগ করেন। তবে জাতীয় দলে ফেরাটা দারুণভাবেই উদযাপন করেন আবুল হোসেন রাজু। আরাফাত সানীকে সঙ্গে নিয়ে ৮ম উইকেটে ৭৬ রান যোগ করেন তিনি। ফিফটি তুলে নিয়ে রাজু আউট হন ৫১ রান করে। এতেই পূর্বাঞ্চল ২১৮ রানের সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে, আবুল হোসেন রাজুর বোলিং তোপে শামসুর রহমান, রনি তালুকদার ও মার্শাল আইয়্যুব দ্রুত ফিরে যান। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। এরপর দলটির কোনো ব্যাটসম্যানই বড় স্কোর করতে না পারায়, ১২০ রানে অল আউট হয় মধ্যাঞ্চল। সানী ৪টি ও রাজু নেন ৩ উইকেট। অন্যদিকে ফতুল্লায় দক্ষিণাঞ্চলের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২ রানেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জুনায়েদকে হারায় উত্তরাঞ্চল। তবে ২য় উইকেট ৮৩ রান যোগ করেন মাহমুদুল ও নাঈম ইসলাম। মাহমুদুল ৪৮ রান করে আউট হন। এরপর নাঈম ইসলাম, মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় উত্তরাঞ্চল। শেষ দিকে নাসিরের ২২ বলে ৩৯ রানে ৩২১ রানের বড় স্কোর পায় বিসিবি উত্তরাঞ্চল। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে ২টি করে উইকেট নেন মাশরাফি-রুবেল ও জিয়া। বড় টার্গেট। আর ফাইনালে নাম লিখাতে হলে জিততেই হবে। কিন্তু শুরুতেই খেই হারিয়ে ফেলে দক্ষিণাঞ্চল। সানজামুল-তাইজুলদের দারুণ বোলিংয়ে দক্ষিণাঞ্চলের কোনো ব্যাটসম্যানই উইকেটে টিকতে পারেনি বেশিক্ষণ। শেষ দিকে সোহাগ গাজীকে নিয়ে লড়াই চালান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি ৮ চার ও ৩ ছয়ে ৪৪ বলে করেন ৬৯ রান। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। দক্ষিণাঞ্চল ২৩৩ রানে গুটিয়ে গেলে ৮৮ রানের জয়ের পাশাপাশি ফাইনালে নাম লেখায় উত্তরাঞ্চল।

Post a Comment

Previous Post Next Post