![]() |
| পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধে পুলিশসহ আহত ৪, আটক ৭ |
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় রোববার ১৯ এপ্রিল রাত ১০টার দিকে শহরের কুসুমবাগ এলাকায় ডাকাতের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ পুলিশসহ ৪জন আহত হয়েছেন। এসময় ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যরা হলেন, মৌলভীবাজার সদর উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবুল হাসেম ও কনস্টেবল জিয়া ও শংকর। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটক ডাকাতরা হলেন ফারুক মিয়া (৪৫), মুকুল মিয়া (২৬), জিলু মিয়া (৩০), জমির হোসেন (২৩), ইকবাল হোসেন (২৮), শাহাদত হোসেন (২২), জাকির মিয়া (২৬)। তাদের বাড়ি জেলার শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ রয়েছেন। তবে পুলিশ তার নাম নিশ্চিত করেনি। পুলিশ জানায়, রাতে কুসুমবাগ এলাকায় অবস্থান নিয়ে একদল ডাকাত শাহাবন্দর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা ৫ রাউন্ড গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়কালে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে ডাকাতরা পিছু হটলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।এসময় ঘটনাস্থল থেকে পাইপগান, ৭ রাউন্ড তাজা গুলি, ৭টি দা, একটি গ্রিল কাটা মেশিন ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। মৌলভীবাজার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম সিরাজুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ডাকাত সদস্যদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে।
