![]() |
| কোয়ার্টার ফাইনালে ইতিহাস রচনা করার লক্ষ্য নিয়ে মেলবোর্নে বাংলাদেশ ক্রিকেট দল |
স্পোর্টস ডেস্কঃ কোয়ার্টার ফাইনালে ইতিহাস রচনা করার লক্ষ্য নিয়ে মেলবোর্নে পৌছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেক্ষেত্রে প্রতিপক্ষ যেই হোক, তা নিয়ে আলাদা কোন ভাবনা নেই বলে জানান পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে, ক্রিকেটার নিজেদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত বলে জানান ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। হ্যামিল্টন ছাড়ার আগে শনিবার সাংবাদিকদের এমনটাই জানান তারা। ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের বিশাল জয়। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ পয়েন্ট অর্জন বৃষ্টির কারণে। পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯২ রানে হারে টাইগাররা। নেলসনে ৩১৮ রান তাড়া করে ৬ উইকেটে জিতার পর, শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংলিশ দুর্গ চূর্ণ হয় বাঘের থাবায়। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুন লড়াই করে নিউজিল্যান্ডের কাছে হারলেও, সাকিব রিয়াদের পারফরমেন্সে ছিলো অনেক ইতিবাচক দিক। তবে, প্রথম পর্বের অর্জনের মধুর স্মৃতি ফ্রেমে ঐতিহাসিক গল্প রচনা করতে চায় বাংলাদেশ। তাই প্রতিপক্ষ ভারত গুড়িয়ে দেয়ার আগাম হুঙ্কার দিলেন তরুণ পেসার তাসকিন আহমেদ। তাসকিন বলেন, 'খুব ভালো অনুশীলন ছিলো আমাদের, তাই সবাই ভালো করেছে। সবাই আত্মবিশ্বাসী, তাই ভালো কিছুর প্রত্যাশা করাই যায়। মেলবোর্নে জেতার জন্যই মাঠে নামবো আমরা। শুক্রবার নিউজিল্যান্ডে বিপক্ষে খেলা শেষে বিশ্রাম না নিয়ে, ঐ রাতের ভোরে হ্যামিল্টন ছেড়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাড়ি জমিয়েছে মাশরাফির সাকিবরা। উদ্দেশ্য ক্রিকেটীয় যুদ্ধের আগের চার দিনে নিজেদের শতভাগ প্রস্তুত করে তোলা। কারণটা দলের সবারই জানা। কোয়ার্টার ফাইনালের মঞ্চ জয় পেলেই সেমিফাইনাল। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, 'সবকিছুই ভালো হচ্ছে, ছেলেরা জয়ের সুবাস পাচ্ছে। কোয়ার্টার ফাইনাল যেহেতু নক-আউট পর্ব, সেখানে ভালো খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই সেখানে আমরা বেস্ট পারফর্ম করারই চেষ্টা করবো। '১৯ মার্চ বতর্মান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সেমিফাইনালের মঞ্চে জায়গা করে নিতে মাঠে নামবে বাংলাদেশ।
