 |
| যশোরে আগুন পুড়ে গেছে ১৮টি দোকান |
নিউজ ডেস্কঃ যশোরের কালেক্টরেট কাপড়ের বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৮টি দোকান। এতে প্রায় ১০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শুক্রবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাজারের চৈতি ফ্যাশানে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে, যশোর, মণিরামপুর ও ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, ফায়ার সার্ভিস বলছে, তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।