![]() |
| শেষ পর্যন্ত লড়াই করে হারলো বাংলাদেশ |
চৌধুরী রুম্মানঃ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণ লড়াই করে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। কিউইদের কাছে শেষ পর্যন্ত তিন উইকেটে হারে টাইগাররা। ইনিংসের পঞ্চম ওভারে ব্রেন্ডন ম্যাককালাম (৮) ও কেইন উইলিয়ামসনকে (১) ফিরিয়ে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা সাকিব আল হাসান। তবে তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন গাপটিল ও টেলর। মার্টিন গাপটিলের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরির সুবাদে কিউইরা যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই আবার সাকিবের আঘাত। তুলে মারতে গিয়ে লং অনে রুবেল হোসেনের ক্যাচে পরিণত গাপটিল করেন ১০৫ রান। ১০০ বলে ১১টি চার ও দুই ছক্কায় এই রান করেন গাপটিল। গাপটিল ফেরার পর উইকেটে এসে দ্রুতগতিতে রান তুলতে থাকেন গ্রান্ট ইলিয়ট।
![]() |
| নিউজিল্যান্ডের তিন উইকেটে জয়লাভ; |
৩৪ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৩৯ রান করার পর তাকে ফেরান রুবেল হোসেন। ৯
রানের ব্যবধানে নাসির হোসেন রস টেলরকে তুলে নিলে জয়ের আশা জাগে বাংলাদেশের।
ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করা টেলর করেন ৫৬ রান। আশার আলো
আরো উজ্জ্বল হয় যখন ৯ রান করা লুক রনচিকে তুলে নেন সাকিব। লুক রনকিকে
নাসির হোসেনের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে ষষ্ঠ উইকেট এনে দেন হাসান। এরপর
বিপজ্জনক হয়ে ওঠা কোরি অ্যান্ডারসনকে যখন বোল্ড করেন নাসির হোসেন। জয়ের আশা
আরো বড় হয় বাংলাদেশের। ২৬ বলে ৩৯ রান করেন কোরি। লক্ষ্যে পৌঁছানোর জন্য
শেষ ১২ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ১১ রান। তখনও আশা ছিল বাংলাদেশের। কারণ
শেষ দুই ওভার করবেন সাকিব ও রুবেল। কিন্তু সাকিবের করা ৪৯তম ওভারের প্রথম
দুই বলে দুই রান নিলেন ড্যানিয়েল ভেট্রোরি ও টিম সাউদি। পরের বল ডট। এরপরের
বল ছক্কা। আট বলে দরকার তিন রান। সাউদির যেন তর সইলো না। সাকিবের পঞ্চম
বলে আবারও বল সীমানার বাইরে। সাত বল বাকি থাকতে নিউজিল্যান্ড জিতে যায় তিন
উইকেটে। বাংলাদেশের হয়ে সাকিব চারটি, নাসির দুটি ও রুবেল একটি উইকেট নেন।
এর আগে মাহমুদুল্লাহ রিয়াদের টানা দ্বিতীয় সেঞ্চুরি ও সৌম্য সরকারের হাফ
সেঞ্চুরিতে ২৮৮ রানের লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। আগেই নিশ্চিত হওয়া
কোয়ার্টার ফাইনালে ১৮ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

