কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮২ পরিবারের মাঝে ছাগল বিতরণ


স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় আর্থ সামাজিক উন্নয়ন ও জীবনমান মানোন্নয়নের লক্ষ্যে ছাগল পালন প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮২ জন উপকারভোগীর মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র  নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। ছাগল পালন একটি লাভজনক খাত। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে এটি অনেক পরিবারের আয়ের অন্যতম উৎস হতে পারে। সরকারের এ ধরনের সহায়তা কাজে লাগিয়ে উপকারভোগীদের নিজেদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসতে হবে।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মিহির কান্তি ভট্টাচার্য্য, সাংবাদিক ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, শাহবান রশিদ চৌধুরী অনি, শেখ রানা সহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা। অনুষ্ঠান শেষে নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post