মাহফুজ শাকিল : কুলাউড়ায় রিপন আহমদ (২৮) হত্যাকান্ডের এক মাস অতিবাহিত হলেও গ্রেপ্তার আসামী সাকিবকে রিমান্ডে না আনা ও হত্যার রহস্য উদঘাটন না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। আসামী সাকিবের ফাঁসি ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও জয়যাত্রা যুবসংঘ আলীনগর।
শুক্রবার ১০ এপ্রিল বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী আলীনগর এলাকার বিন্দারাণী দিঘির পার বাজারে কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৃথিমপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাহির আলীর সভাপতিত্বে ও জয়যাত্রা যুবসংঘের সভাপতি সুমেল উদ্দিনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে একাত্মতা পোষণ করে প্রধান অতিথির বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুল লতিফ। এসময় বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালিক, সংগঠক ফয়জুল হক, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সুমন আহমদ সাদিম, নিহত রিপনের পিতা আব্দুল হান্নান ওরফে হানু মিয়া, আনসার সদস্য ইয়াসির আলী প্রমুখ।
