কুলাউড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


স্টাফ রিপোর্টারঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

প্রথমে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কুলাউড়া পৌরসভা, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে শ্রদ্ধা জানান।

শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, একুশ আমাদের আত্মপরিচয়ের চেতনা। মাতৃভাষা বাংলাকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও সাংবাদিক ময়নুল হক পবন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিছুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, কুলাউড়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা, নির্বাচন অফিসার মোশাররফ হোসেন, সমবায় অফিসার সোনা মোহন বিশ্বাস, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মহসিন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভাশেষে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসারের সঞ্চালনায় শিশু একাডেমির আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

Post a Comment

Previous Post Next Post