নিউজ ডেস্কঃ সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকায় একটি গ্যাস লাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের পর সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট।
রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অগ্নিদগ্ধ হন শাহিন নামের এক ব্যবসায়ী। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।
এ বিষয়ে সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কোবাদ আলী সরকার জানান, সিলেট টুকেরবাজার এলাকায় গ্যাস লাইনের পাশে সড়ক ও জনপদ রাস্তার ব্রিজের কাজ করছিল। ভুলবশত গ্যাসের পাইপে টান পড়ে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় এক হাজার ঘণফুট গ্যাসের ক্ষতি হয়েছে।
