
বিশেষ প্রতিনিধিঃ সিলেট নগরীতে দুই টাকায় ইফতার নামক ইভেন্টের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া চ্যারিটি অর্গানাইজেশন 'দ্যা হেল্পিং উইং' তাদের নতুন কর্মসুচী হাতে নিয়েছে৷ পূর্বের ইভেন্টগুলোর সাথে সামঞ্জস্য রেখে এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে 'সিলেটে দুই টাকায় দুপুরের খাবার।’
সংগঠনের উদ্যোগে আজ রবিবার দ্বিতীয় দিনের মত সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। করোনা প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সাথে সাথে অচল হয়ে গেছে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনের চাকা। তবু প্রবল উৎসাহে চলছে তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা৷ আর সেই চেষ্টায় ক্ষুদ্র পরিসরে হলেও তাদের পাশে দাঁড়ানোর জন্যই সংগঠনটি এই প্রজেক্ট হাতে নিয়েছে৷
তাদের গৃহীত এই উদ্যোগ সম্পর্কে সংগঠনের সহ-সাধারণ তারেকুল ইসলাম বলেন, ক্ষুদ্র সামর্থ্যে বেশি কিছু করা হয়তো সম্ভব হবে না। তবে সবার সাহায্য ও সহযোগিতা পেলে ইন শা আল্লাহ কিছুদিন এসব মানুষের মুখে দুপুরের খাবার তুলে দিতে পারবো৷ বিগত ২১ আগস্ট পরীক্ষামূলক কার্যক্রম চালিয়েছিলাম আমরা। আশা করি, আজকের পর থেকে পুরোদমে চালিয়ে যাব।
আর সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরী জানান, করোনার প্রভাব পড়েছে পুরো বিশ্ব অর্থনীতিতে। স্বভাবতই আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে এ বার সাড়া কম পাচ্ছি৷ তবুও আমরা আশাবাদী খুব শীঘ্রই বিত্তবানরা বরাবরের মত আমাদের পাশে দাঁড়াবেন। তাদের সহযোগিতার আগ পর্যন্ত কমিটির সদস্যদের অর্থায়নে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো৷