
স্পোর্টস ডেস্কঃ ২০ ওভারের টি-টোয়েন্টি ফরমেট। একজন বোলার করতে পারেন চার ওভার। তাতে কমপক্ষে পাঁচজন বোলারের দরকার হয় অধিনায়কের। এই নিয়মটায় পরিবর্তন চান অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন।
ওয়ার্ন মনে করেন, টি-টোয়েন্টিতে যদি একজন বোলারের হাতে চার ওভারের বদলে পাঁচ ওভার দেয়া যায়, তবে খেলাটা আরও আকর্ষণীয় হবে। আইপিএলের মতো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে এই নিয়মটা চালু করা যায় কি না, সেজন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছে প্রস্তাবও দিয়েছেন ওয়ার্ন।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএলের তেরতম আসর। দশ দিন আগে টুর্নামেন্টের প্রস্তুতি খতিয়ে দেখতে দুবাই উড়ে গিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার উদ্দেশ্যে ওয়ার্নের বার্তা, আইপিএলে প্রতি বোলারের হাতে পাঁচ ওভার করে দেয়া হোক।
একই আবেদন আইসিসির কাছেও করেছেন শেন ওয়ার্ন। টি-টোয়েন্টি ফরমেটে এই নতুন নিয়ম চালু করলে ক্রিকেটের মানোন্নয়ন হবে বলেই মনে করেন ২০০৮ সালে রাজস্থান রয়্যালসকে আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক।
ওয়ার্নের এমন প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ক্রিকেট ভক্তদের একটা অংশ। যাদের মধ্যে অনেকেই মনে করেন, এই নিয়ম আরও আগে চালু হওয়া উচিত ছিল টি-টোয়েন্টিতে।
ওয়ার্ন তাই বিষয়টি সৌরভ গাঙ্গুলি ও আইসিসির নজরে এনেছেন এমন টুইটে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে একজন বোলারকে পাঁচ ওভার দেয়ার প্রস্তাবে দারুণ সমর্থন পেয়েছি আমি। আইসিসি এটা করুক! সম্ভবত আমরা এটা ১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএলেই চেষ্টা করতে পারি, সৌরভ গাঙ্গুলি!’