চলমান সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বৃদ্ধি


অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও ১৪ দিন বাড়ল। বিভিন্ন নির্দেশনা মানা সাপেক্ষে আগামী ১৭ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সপ্তম দফায় ছুটি বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে।

গত ৮ মার্চ প্রথম ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে ৫-৯ এপ্রিল, ১৪-২৫ এপ্রিল,৫-১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯। এছাড়া করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮২২ জনে।

এদিকে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত বিশ্বের ২ লাখ ৯৭ হাজার ৭৬৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৩১৪ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ২২০ জন। এতে করে সংক্রমিতের সংখ্যা ৪৪ লাখ ২৫ হাজার ৬৫৭ জনে ঠেকেছে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৬ লাখ প্রায় ৫৯ হাজার মানুষ।

করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ডিসেম্বরে চীনের উহান শহরে। তবে ছড়িয়ে পড়া এ ভাইরাস ক্রমে গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। চীন পরিস্থিতি অনেকটাই সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।

Post a Comment

Previous Post Next Post