বিশেষ প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসের কারণে কুলাউড়ায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে কুলাউড়া উপজেলা বিএনপি। ১৮ মে, সোমবার দুপুরে টেলি কনফারেন্সের মাধ্যমে কুলাউড়ার এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামারি দুর্যোগে কুলাউড়া বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে মহামারি করোনা ভাইরাসে অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য এডভোকেট আবেদ রাজাসহ কুলাউড়া উপজেলা বিএনপিকে ধন্যবাদ জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামারি দুর্যোগে কুলাউড়া বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে মহামারি করোনা ভাইরাসে অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য এডভোকেট আবেদ রাজাসহ কুলাউড়া উপজেলা বিএনপিকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারি করোনার ভয়াবহতা আজ গোটা জাতি ও বিশ্বকে আক্রমণ করেছে। এই দূর্যোগের সময় সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। সারা দেশে ধারাবাহিকভাবে বিএনপির নেতাকর্মীরা ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন। এই সংকটের কারণে গোটা জাতি আজ মহা সংকটের সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের সকলকে ধৈর্য্য ধারণ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার যে বিধি-বিধান আছে তা মেনে সংকট মোকাবেলা করতে হবে। এই সংকটের মুহুর্তে সকল রাজনৈতিক সংঘাত ভূলে গিয়ে জাতির স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মানবতার ডাকে সাড়া দিয়ে কুলাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে দেশ ও প্রবাসে অবস্থানরত বিএনপির সকল নেতাকর্মী খাদ্য সামগ্রী বিতরণে যে অর্থ সহায়তা দিয়েছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এজন্য সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল নেতাকর্মীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
কুলাউড়া উপজেলা বিএনপি ওয়াটসঅ্যাপ গ্রুপের অর্থায়নে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কুলাউড়া উপজেলার অসহায় ও দুস্থ’দের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি, পৌর কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ বদরুজামান সজল এর সঞ্চালনায় উপজেলা সদরের সিএনজি গ্যাস পাম্প সংলগ্ন কোল্ড স্টোরেজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আবেদ রাজা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল আহমদ জুনেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ মজিদ, রেদওয়ান খান, শামীম আহমদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন ভুঁইয়া, মইনুল হক বকুল, সাংগঠনিক আবু সুফিয়ান ও আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মন্নান, প্রচার ও প্রকাশনা শেখ শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল, উপজেলা যুবদল আহ্বায়ক জুবের খান, যুগ্ম-আহ্বায়ক কাওছার আহমদ নিপার ও আব্দুল মোহিত বাবলু, সাবেক ছাত্রনেতা রেজাউল আলম ভুঁইয়া খোকন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ উদ্দিন আহমদ, ছাত্রদল নেতা আব্দুল মুহিত, কাওসার আহমদ বাপ্পু, রাহিদ আলম নাইম, মৌসুম সরকার, আতিকুর রহমান, সাইফুর রহমান প্রমুখ।
উদ্বোধনী দিনে টিলাগাঁও, হাজীপুর, শরীফপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ কর্মসূচী শুরু করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে সকল ইউনিয়ন ও পৌরসভায় ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণের মধ্যে রয়েছে ৪ কেজি চাল, আড়াই কেজি আলু, ১ পোয়া সেমাই, ১ কেজি ময়দা, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ টি সাবান ও ১টি মাস্ক।
প্রথম দিন উপজেলার টিলাগাঁও, হাজীপুর ও শরীফপুর ইউনিয়নে প্রায় ৬ শতাধিক
কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে
উপজেলা মহিলা শ্রমিক দলের উদ্যোগে নেতৃবৃন্দদের নিজ হাতে তৈরি করা প্রায়
১০ হাজার মাস্ক উপজেলা ব্যাপী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির
সহ-সভাপতি এ্যাডভোকেট আবেদ রাজা।
জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আবেদ রাজা বলেন, দেশের বর্তমান দূর্যোগের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ মানুষের মধ্যে উপজেলা বিএনপির উদ্যোগে দেশ ও প্রবাসে থাকা বিএনপির নেতাকর্মী ও কর্মী সমর্থকদের অর্থায়নে সমগ্র উপজেলা ব্যাপী ৫ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য একটি প্যাকেজ হাতে নেওয়া হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।

