কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষা বুথ স্থাপন


বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সুরক্ষার জন্য কভিড-১৯ সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। সোমবার (১৮ মে) কুলাউড়া সমাজসেবা অধিদপ্তর হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতায় রোগী কল্যাণ সমিতির অর্থায়নে কভিড-১৯ সুরক্ষা বুথ স্থাপন করা হয়। ফিতা কেটে সুরক্ষা বুথের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. জাকির হোসেন, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী, গণমাধ্যমকর্মী এনামুল আলমসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

কুলাউড়ায় করোনাভাইরাস (কভিড-১৯) এর সংক্রমণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষের শেষ আশ্রয়স্থল। সাধারণত জ্বর, কাশি নিয়ে আসা রোগীদের টেলি মেডিসিনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তারপরও কিছু কিছু রোগীর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়ে পড়ে।

এ সময় এক রোগী পর্যবেক্ষণের পর কর্তব্যরত ডাক্তারের মাধ্যমে অপর রোগীর মাঝে রোগের সংক্রামক ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এমন চিন্তা থেকে রোগীদের সুরক্ষার জন্য উদ্যোগ নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক বলেন, কভিড-১৯ সুরক্ষা বুথ স্থাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। কুলাউড়ার স্বাস্থ্যমান উন্নয়ন ও করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সমাজসেবা অধিদপ্তরের সার্বিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, কুলাউড়ায় তিন পুলিশ সদস্য, একজন স্বাস্থ্যকর্মীসহ ৮ জন করোনায় আক্রান্ত ছিলেন। এর মধ্যে পাঁচজনের রিপোর্ট দ্বিতীয়বারের পরীক্ষায় নেগেটিভ এসেছে। তাছাড়া সর্বমোট ২১৭ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ১৯৪ জনের রিপোর্ট এসেছে। তার মধ্যে ১৯১ জনের নেগেটিভ এসেছে।

Post a Comment

Previous Post Next Post