সিসি টিভিতে ধরা পড়লো ধর্ষকের পরিচয়


অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী কবরস্থান এলাকায় ৬ বছরের এক শিশুকে ঘুড়ি ও খেলনা দেয়ার প্রলোভন দেখিয়ে ছাদে নিয়ে ধর্ষণ চেষ্টা চালিয়েছে এক বখাটে। পুলিশ অভিযুক্ত যুবক রুহুল আমিনকে (২৬) গ্রেফতার করেছে।

শুক্রবার বেলা ১১টায় এ ঘটনা ঘটলে বিকেলে ওই এলাকার সিসি ক্যামেরায় অভিযুক্ত যুবককে শনাক্ত করা হয়। পরে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত রুহুল আমিন ফতুল্লা থানার তল্লা ওয়াপদার পুল এলাকার জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও ওই শিশুর পরিবার জানায়, বেলা ১১টায় রাস্তায় খেলা করছিল শিশুটি। এ সময় শিশুটিকে ঘুড়ি ও খেলনা দেয়ার প্রলোভন দেখিয়ে লম্পট রুহুল আমিন পাঠানটুলী পৌর কবরস্থানের উত্তর পাশের একটি তিনতলা বাড়ির ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এতে শিশুটি চিৎকার শুরু করলে লম্পট রুহুল আমিন পালিয়ে যায়। পরে শিশুটি বাসায় গিয়ে ঘটনাটি জানালে ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়।

পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জসিম উদ্দিন বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment

Previous Post Next Post