মস্তিষ্কের মৃত্যু ঘটলেও জীবন ফিরে পেল কিশোরটি


অনলাইন ডেস্কঃ ১৩ বছরের ছেলেটির মস্তিষ্কের মৃত্যু ঘটে গিয়েছিল। চিকিৎসক তো বটেই বাবা-মাও সব আশা ছেড়ে দিয়েছিলেন।

এমনকি ছেলের অঙ্গপ্রত্যঙ্গ দানপত্রে সইও করে ফেলেছিলেন। কিন্তু প্রায় অলৌকিকভাবেই সেই ছেলেটি ফিরে এসেছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আলবামায়।

মার্চে দুর্ঘটনায় পড়ে খুলিতে সাতখানা চিড় ধরেছিল ট্রেনটন ম্যাকিনলের।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।

তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ১৫ মিনিট সাড়া ছিল না তার। পরে সাড়া ফিরলেও মস্তিষ্ক সচল হয়নি। জড় পদার্থের মতোই পড়েছিল সে।

ট্রেনটনের বাবা-মা কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেলেছিলেন। সইসাবুদ হয়ে যাওয়ার পর দিন কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে দেয়ার কথা ছিল।

কিন্তু সবাইকে চমকে দিয়ে ঠিক তখনই জ্ঞান ফিরতে শুরু করে ট্রেনটনের।

সে এখনও সুস্থ নয়, আবারও অস্ত্রোপচার হবে। কিন্তু সে উঠে বসছে, গোটা গোটা বাক্যও বলতে পারছে।

ট্রেনটন বলছে, ওর মনে হচ্ছিল ও ফাঁকা মাঠের মধ্য দিয়ে হাঁটছে। সেখান থেকে কী করে হাসপাতালের বিছানায় আবার চোখ খুলল সে জানে না।

মা জেনিফার রেইনডলও বলছেন, ছেলে জীবনে ফেরার আগে একবার স্বর্গ থেকে ঘুরে এসেছে। আর কোনো ব্যাখ্যা নেই আমাদের কারও কাছেই।

Post a Comment

Previous Post Next Post