ফের চীনে গোপন সফরে কিম, শি’র সঙ্গে সাক্ষাৎ


অনলাইন ডেস্কঃ ফের গোপনে চীন সফর করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎও করেছেন। পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের

চীন ও উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া গোপন সফরের কথা গতকাল মঙ্গলবার জানিয়েছে। গত দুই মাসে দ্বিতীয়বারের মতো গোপন সফরে গিয়ে শি’র সঙ্গে বৈঠক করলেন কিম। সোমবার চীনে যান কিম। সফর শেষ করে গতকাল মঙ্গলবার তিনি দেশে ফেরেন। দুই নেতা চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরে সাক্ষাৎ করেন। চীনা বার্তা সংস্থা সিনহুয়া তাদের দুইজনের ছবিও প্রকাশ করেছে।

সিনহুয়া জানিয়েছে, শি জিনপিংকে কিম বলেছেন, তিনি আশা করেন সবাই পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং শান্তির পক্ষে কাজ করবেন। তবে উত্তর কোরিয়া পরমাণু সক্ষমতা অর্জন করতে চায় না। পরমাণু অস্ত্রমুক্ত থাকতে চায়। কিন্তু তাদের প্রতি নিরাপত্তা হুমকি রয়েছে এবং শত্রুতাও রয়েছে।

কিম আশা প্রকাশ করে বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠকে যেন পারস্পারিক আস্থা তৈরি হয় এবং উভয়ের স্বার্থ রক্ষা হয়। শি জিনপিং দুই দেশের মধ্যকার আলোচনাকে সমর্থন জানিয়েছেন। তবে তিনি উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নের প্রতি তার দেশের সমর্থনের কথাও ব্যক্ত করেছেন। চলতি মাসে কিংবা আগামী মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক হওয়ার কথা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post