নিউজ ডেস্কঃ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
শুক্রবার (১১ মে) বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন শুরু হয়। এর আগে দুপুরের আগে থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী অভিমুখে জড়ো হতে থাকে।
সরজমিনে দেখা গেছে, দুপুরে সম্মেলন অনুষ্ঠান হলেও সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও বাইরে থেকে টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভিড় করছেন।
সম্মেলনের মাধ্যমে শুক্রবার ও শনিবারের মধ্যে ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্ধারিত হবে। এবার সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য তিন শতাধিক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। শীর্ষ দুটি পদে সর্বশেষ সম্মেলনে সরাসরি ভোটে নির্বাচিত হলেও এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী নেতা নির্বাচিত হবে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।
