এবার সিরিয়ায় সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি যুক্তরাষ্ট্রের


অনলাইন ডেস্কঃ সিরিয়ায় রাসায়নিক হামলার ঘটনায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চায় যুক্তরাষ্ট্র। নইলে, একাই ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

সিরিয়ার দুমায় শনিবারের রাসায়নিক হামলার ঘটনায় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠক ডাকে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ আরও ছয়টি দেশ।

বৈঠকে আক্রমণাত্মক অবস্থান নেয় যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রাসায়নিক হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদের অবিলম্বে পদক্ষেপের তাগিদ দেয় ওয়াশিংটন। আর তা না হলে, একাই ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি।

জাতিসংঘে মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইতিহাস এই সময়কে মনে রাখবে, কারণ নিরাপত্তা পরিষদ তার দায়িত্বে পালনে ব্যর্থ হয়েছে। তারা সিরিয়ার লোকজনকে রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থতা দেখিয়েছে। নিরাপত্তা পরিষদ এ ঘটনায় কোনও পদক্ষেপ না নিলে, ওই হামলার জবাব দিতে প্রস্তুত ওয়াশিংটন।’

ওয়াশিংটনের আগ্রাসী মনোভাবকে সতর্ক করেছে মস্কো। জাতিসংঘে রাশিয়ার দূত পাল্টা হুঁশিয়ারি দেন, রাসায়নিক হামলার মতো মনগড়া অজুহাতে সিরিয়ায় সামরিক হামলা হলে, যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

জবাবে রুশ প্রতিনিধি ভাসেলি নেবেনজিয়া বলেন, ‘আমরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়েছি যে, সিরিয়ায় বিভিন্ন অজুহাতে যে সশস্ত্র গোষ্ঠীগুলো অবস্থান করছে, তারা পাল্টা প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে। কারণ, সিরিয়ার বৈধ সরকারের অনুরোধে, রুশ সেনারাও সেখানে মোতায়েন রয়েছে।’

সিরিয়ার দুমায় রাসায়নিক হামলার জবাবে দ্রুত ও জোরালো পদক্ষেপের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Post a Comment

Previous Post Next Post