৪০ বছর পর ঘরে ফেরাল ইউটিউব


অনলাইন ডেস্কঃ নিখোঁজ হওয়ার ৪০ বছর পর ইউটিউব ভিডিওর মাধ্যমে সাবেক একজন ভারতীয় সেনাসদস্য হাজারও মাইল দূরে তার স্বজনদের দেখা পেয়েছেন। খোমদ্রাম গাম্ভীর সিং নামের এই ব্যক্তি ২৬ বছর বয়সে ১৯৭৮ সালে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান।

তার বাড়ি ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইমফলে। কিন্তু নিখোঁজ হওয়ার ৪০ বছর পর তাকে পাওয়া যায় অনেক দূরের শহর মুম্বাইতে। এখন তার বয়স হয়েছে ৬৬ বছর। প্রথমে এই খোমদ্রাম গাম্ভীর সিংয়ের একজন ভাতিজা ইউটিউবে একটি ভিডিও দেখে তাকে চিনতে পারেন। ফিরোজ শাকরি নামের একজন ফটোগ্রাফার মুম্বাইয়ের রাস্তায় বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করেছিলেন। তিনি অনেক ছবিও তুলেছিলেন। এই ফটোগ্রাফার তার ভিডিওগুলো ইউটিউবে প্রকাশ করলে তা ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, পরিবার থেকে নিখোঁজ হওয়া খোমদ্রাম গাম্ভীর সিং পুরনো দিনের হিন্দি গান গেয়ে রাস্তায় ভিক্ষা করছেন। তার ভাতিজা ইউটিউবে সেই ভিডিও দেখে তাকে চিনতে পেরে অন্য স্বজনদের জানান। তখন স্বজনরা মনিপুরের ইমফল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। স্বজনদের মধ্যে খোমদ্রাম কুলাচন্দ্রা তার ভাই গাম্ভীর সিংয়ের ছবি পুলিশকে দেন। সেই ছবি নিয়ে ইমফলের পুলিশ যোগাযোগ করে মুম্বাই পুলিশের সঙ্গে। পরে মুম্বাই পুলিশ ওই ছবিকে ভিত্তি করে খোমদ্রাম গাম্ভীর সিংকে খুঁজে বের করে। পুলিশ তাকে মুম্বাইয়ের যে এলাকা থেকে উদ্ধার করেছে সেখানে তিনি মানবেতর জীবনযাপন করতেন।

পুলিশ পরিদর্শক পণ্ডিত ঠাকরে বিবিসিকে বলেছেন, ‘আমরা তাকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি রেলস্টেশনের বাইরে খুঁজে পাই। তার অবস্থা খুব খারাপ ছিল।’ যুবক বয়সে নিখোঁজ হওয়ার ৪০ বছর পর বৃদ্ধ হয়ে খোমদ্রাম গাম্ভীর সিং পরিবারের কাছে ফিরে গেছেন বৃহস্পতিবার।

তার ভাই খোমদ্রাম কুলাচন্দ্রা দ্য হিন্দু পত্রিকাকে বলেন, ‘আমার এক ভাতিজা যখন আমাকে ভিডিওটি দেখায়, আমি তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমরা তাকে ফিরে পাওয়ার সব আশা ছেড়েই দিয়েছিলাম।’ তিনি আরও জানিয়েছেন, তার ভাই খোমদ্রাম গাম্ভীর সিং ভারতের সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতেন এবং ১৯৭৮ সালে বিয়ে করার এক মাস পরই বাড়ি ছেড়ে নিখোঁজ হন।

Post a Comment

Previous Post Next Post