নিউজ ডেস্কঃ ভারতের আসাম সরকার বাংলাদেশের সঙ্গে বিশেষ করে বিমান যোগাযোগ স্থাপনে গভীর আগ্রহ প্রকাশ করেছে, যাতে করে বাংলাদেশ ও আসাম পরস্পরের উন্নয়ন সম্ভাবনা কাজে লাগাতে পারে। আসাম সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৃহস্পতিবার (৮ মার্চ) পৃথক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানিয়েছেন রাজ্যটির গভর্নর জগদীশ মুখ ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
আসামের গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি প্রতিবেশীদের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ ও আসামের মধ্যে অধিকতর যোগাযোগের বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেন।
এসময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ভারতের মতো পরীক্ষিত ও বন্ধু প্রতিবেশীর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে সব সময় অগ্রাধিকার দিয়ে থাকে।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার ও এর জনগণের আন্তরিক অবদান ও সমর্থনের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ‘দুর্দিনে সর্বোচ্চ আতিথেয়তা ও সমর্থনের জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ।’
দ্বিতীয় মেয়াদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভিনন্দন জানান আসামের দুই নেতা। তাঁরা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে আসাম ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হবে।
পরে রাষ্ট্রপতি রেডিসন ব্লু হোটেলে আসামের গভর্নরের দেয়া এক নৈশভোজে ভাষণ দেন। মুখ্যমন্ত্রী সনোয়াল বক্তৃতা করেন। রাষ্ট্রপতি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। সে সময় এখানে তিনি সাব-সেক্টর কমান্ডার ছিলেন।
এর আগে বিকেলে রাষ্ট্রপতি হামিদ কামাক্ষ্যা মন্দির পরিদর্শন করেন এবং মাচখোয়া ঘাটে নদী ভ্রমণ উপভোগ করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বর্তমানে সোলার সামিটে যোগ দিতে চার দিনের ভারত সফরে অংশ হিসেবে এখন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে রয়েছেন।
