অবসর নেবেন মেসি !



স্পোর্টস ডেস্কঃ ম্যারাডোনার মতো আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল খেলোয়ার লিওনেল মেসি। যার দু’পায়ের জাদুতে এখনো পুরো বিশ্ব ফুটবল মোহিত হচ্ছে।

মেসি ক্লাব পর্যায়ের একজন সেরা ফুটবলার এ কথা সবারই জানা।

কিন্তু জাতীয় দলের হয়ে লিওনেল মেসির অর্জন একেবারে শূন্য। অথচ দেশটির ফুটবল সম্রাট হিসেবে পরিচিত, দিয়েগো ম্যারাডোনার শ্রেষ্ঠত্ব ক্লাব পর্যায়ের চেয়ে জাতীয় দলের হয়েই বেশি। তিনিই তো আর্জেন্টিনাকে এককভাবে জিতিয়েছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপ। দলকে ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন ম্যারাডোনা।

লিওনেল মেসির ভাগ্যটাই মূলতঃ সু-প্রসন্ন নয়। কারণ, সর্বশেষ তিনটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেললেও, মেসির হাতে উঠলো না কোনো শিরোপা। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের সোনালি ট্রফির এত কাছে এসেও কত দুরে থাকতে হলো বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার মেসিকে। বিপক্ষ দল জার্মানির কাছে একটি গোলে হেরেই অধরাই রয়ে যায় ট্রফিটা।

এরপর ২০১৫ এবং ২০১৬ সালে টানা দু’বছরে দুটি কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল মেসির আর্জেন্টিনা। কিন্তু একই প্রতিপক্ষ চিলির কাছে হেরে শিরোপা বঞ্চিত থাকতে হয়েছে এই ফুটবল জাদুকরকে। তাই তো শেষ মেশ ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে হারের পর, ক্ষোভে-অভিমানে মেসি অবসরের ঘোষণাই দিয়ে বসেছিলেন।

অবশেষে আর্জেন্টিনা প্রেসিডেন্ট থেকে শুরু করে সারা বিশ্বের কোটি ভক্তের অনুরোধে শেষ পর্যন্ত অবসর ভেঙ্গে দলে ফেরেন তিনি।

এরপর রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচে ইকুয়ডরের বিপক্ষে মেসির অসাধারণ পারফরম্যান্সেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়ে যায় আর্জেন্টিনা।

যদিও বলা যায় অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে বিশ্বকাপে গেলেও রাশিয়ায় কিন্তু শিরোপা জয়ের অন্যতম দাবিদার কিন্তু আর্জেন্টিনা। সেটা শুধু মেসির কারণেই। আর্জেন্টাইন সমর্থকরাও এবার সবচেয়ে বেশি আশাবাদী, ক্যারিয়ারের হয়তো শেষ বিশ্বকাপে সোনালি ট্রফিটা উঠবে মেসির হাতেই।

এদিকে, লা কোরনিসাকে দেয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে লিওনেল মেসি বলেন, ‘আমরা অনুভব করি, যদি রাশিয়া থেকেও বিশ্বকাপটা জিততে না পারি, তাহলে একমাত্র পথ হচ্ছে জাতীয় দলের হয়ে খেলাটাই ছেড়ে দেয়া। আমি স্বপ্ন দেখি রাশিয়া থেকে বিশ্বকাপ জেতার। আমার ইচ্ছা, ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আমরা যেভাবে খেলেছি, সেই স্বপ্নটাকে জিইয়ে রাখা।’

মেসি আরো বলেন, ‘আপনি কিন্তু সব সময় সঠিক থাকতে পারবেন না। ভুল হবেই। ব্যর্থ হবেনই। যেমনটা আর্জেন্টিনা ব্যর্থ হয়েছিল ব্রাজিলে।’

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলবে ‘ডি’ গ্রুপে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া। জাতীয় দলের হয়ে ১২৩ ম্যাচ খেলে এখনো পর্যন্ত ৬১ গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি।

Post a Comment

Previous Post Next Post