অনলাইন ডেস্কঃ সৌদি আরবের আলগাছিম প্রদেশে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার মধ্য রাতে রিয়াদ থেকে সাগরা যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে বলে নিহত মনজুর হোসেনের নিকটাত্মীয় কাউসার আহমেদ ও আনিছ খান গণমাধ্যমকে বিষটি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মাগুরা জেলার শালিখা উপজেলার মসাখালী কতবাগ গ্রামের হাফিজুর মুন্সির ছেলে মনজুর হোসেন (৪০) ও চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলার কালিহাইস গ্রামের আব্দুল বারেক এর ছেলে সাফনুর ইসলাম (৩৭)। নিহত অপর বাংলাদেশির নাম মোহাম্মদ ইসলাম (৩৫) এবং পিতা সিরাজুল ইসলাম বলে তার সৌদি পরিচয় পত্রে পাওয়া গেছে।
তারা জানান, নিহত অপর ব্যক্তি সৌদি নাগরিক। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন ছামছু নামের আরেক বাংলাদেশি, যাকে রিয়াদের সিমেছি কিং ফাহাদ মেডিকেল সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ছামছুর বাড়ি সিলেটের জালালাবাদে। দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে সাগরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাস লাশ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম কাউন্সিলর সরওয়ার আলম।
