স্টাফ রিপোর্টার: সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তেলবাহী ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে আটকা পড়ায় সারাদেশের সাথে সিলেটের রেলযোগযোগ বন্ধ হয়ে যায়। ৩ঘণ্টা পর রাদেশের সাথে সিলেটের রেলযোগযোগ স্বাভাবিক হয়।
বুধবার (২৮ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলার বরমচাল রেলস্টেশনের অদূরে আনফানাই ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বেলা ৩টার দিকে সিলেট-আখাউড়া রেল সেকশনের বরমচাল রেল স্টেশন ছেড়ে আসার পর চট্টগ্রামগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয় । এ ঘটনায় সারাদেশের সাথে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনা স্থলে গিয়ে ৩ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে তেলবাহী ট্রেনটি উদ্ধার করে। এদিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও স্টেশনে ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলস্টেশনে আটকা পড়ে। সন্ধ্যা ৬টার দিকে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মফিজুল ইসলাম ও মাইজগাঁও স্টেশন মাস্টার হরিপদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
