অনলাইন ডেস্কঃ জাতীয় গ্রিড লাইনের ১ লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে নাচানাচির সময় অজ্ঞাত এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবক বিদ্যুতের খুটিতে উঠে নাচানাচি করার সময় স্থানীয় লোকজনের নজরে আসলে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
এ ঘটনা দেখতে গ্রামের শত শত লোক সেখানে জমায়েত হয়। রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহনগুলো গাড়ি থামিয়ে যুবকের নাচানাচি দেখতে ভিড় জমায়।
স্থানীয় ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া তালুকদার ও প্যানেল চেয়ারম্যান আলী আকবর জানান, বিদ্যুতের খুঁটিতে উঠো পরা যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে।
তার পরনের পাজামা-পাঞ্জাবী ও পায়ে জুতা ছিল। খবর পেয়ে দ্রুত তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।
