সিরিয়ার ঘৌটা ছেড়ে পালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা



অনলাইন ডেস্কঃ সিরিয়ার পূর্ব ঘৌটা থেকে আসাদবিরোধী কুর্দি সন্ত্রাসীরা পালাতে শুরু করেছে। শুক্রবার সন্ত্রাসীদের একটি দল শহর ছেড়ে চলে গেছে। সিরিয়ার সরকারি সেনা ও মিত্র রাশিয়ার সেনারা ঘৌটা থেকে সন্ত্রাসীদের চলে যাওয়ার জন্য দ্বিতীয় নিরাপদ করিডর প্রতিষ্ঠার পর তারা ঘৌটা ছাড়ছে। এসব সন্ত্রাসীর সঙ্গে তাদের পরিবার-পরিজন ছিল।

শুক্রবার সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রথম দল হিসেবে ১৩ সন্ত্রাসী ও তাদের পরিবারের সদস্যরা বাসে করে ঘৌটা শহর ছাড়ে। উগ্রবাদী আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীর এসব সদস্য প্রতিদ্বন্দ্বী জয়শুল ইসলাম নামে আরেকটি উগ্রবাদী গোষ্ঠী পরিচালিত কারাগারে বন্দি ছিল। নুসরার সদস্যরা ঘৌটা ছেড়ে ইদলিব প্রদেশে চলে যাবে।

শুক্রবার টুইটারে দেয়া এক বার্তায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল ইসলাম বলেছে, জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা, আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকটি পক্ষ ও ঘৌটার সুশীল সমাজের সঙ্গে পরামর্শের পর আন-নুসরার সন্ত্রাসীদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পূর্ব ঘৌটার বেশির ভাগ নিয়ন্ত্রণ রয়েছে জয়শুল ইসলামের হাতে। এ গোষ্ঠীকে মদদ দিচ্ছে প্রধানত সৌদি আরব। এ গোষ্ঠী পূর্ব ঘৌটা ছাড়তে এখনো রাজি হয়নি।

একই খবরে সানা জানিয়েছে, সন্ত্রাসীরা এখনো বেসামরিক লোকজনকে ঘৌটা ছাড়ার পথে বাধা দিচ্ছে। যে দুটি নিরাপদ করিডর প্রতিষ্ঠা করা হয়েছে তার ওপর উগ্র সন্ত্রাসীরা মর্টারের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

Post a Comment

Previous Post Next Post