অনলাইন ডেস্কঃ টানা ক্রিকেট খেলতে খেলতে পুরনো চোটে কিংবা নতুন করে চোটে আক্রান্ত হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। দুই ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান চোট থেকে সুস্থ হয়ে উঠলেও, নতুন করে পুরনো চোটে আক্রান্ত হলেন তার বন্ধু দেশসেরা ওপেনার তামিম ইকবাল। পিএসএল খেলতে থাকা এই তারকা ব্যাটসম্যান পাকিস্তান থেকে সপরিবার থাইল্যান্ডে উড়াল দিয়েছেন।
তামিমের হাঁটুর পুরনো চোট আবারও নতুন করে জানান দিচ্ছে। অস্ট্রেলিয়ার বিখ্যাত শল্যবিদ ডেভিড ইয়াং যে হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন, সেটিতেই ব্যথা অনুভব করছেন তামিম। ব্যাথাটা জানান দিচ্ছিল শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফি থেকে। ফাইনালে ফিল্ডিং করতে পারেননি। এরপর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে ব্যথাটা বেড়ে যায়। তাই কোনোরকম ঝুঁকি নিতে চাননি দেশসেরা ওপেনার।
থাইল্যান্ডে গিয়ে কয়দিন আগে চিকিত্সা নিয়ে এসেছেন সাকিব। এবার তামিমও সেখানে হাঁটুর এমআরআই করাবেন। রিপোর্ট দেখে সেখানকার চিকিত্সকেরা ব্যবস্থা গ্রহণ করবেন। এ কারণে আগামী ২৫ মার্চ অনুষ্ঠিতব্য পিএসএলের ফাইনালে খেলার কোনো সম্ভাবনা নেই তামিমের। তবে টেস্টের ফল ইতিবাচক হলে ডাক্তার যদি তাকে ছাড়পত্র দেয়, তাহলে হয়তো ফাইনালে দেখা যেতে পারে তামিম ঝলক। সেটা না হলে ২৫ মার্চ দেশে ফিরবেন তিনি।
