ব্রাজিলের ৩-০ গোলে দাপুটে জয়



স্পোর্টস ডেস্কঃ মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনাল হবে এবারের বিশ্বকাপের। ১৫ জুলাই সেই ফাইনালে থাকার অভিযানটা গতকাল লুঝনিকি থেকেই শুরু হলো ব্রাজিলের। স্বাগতিক রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয়ে ব্রাজিল বার্তা দিল, প্রস্তুত তারা। গোল করেছেন মিরান্দা, কৌতিনিয়ো ও পাউলিনিয়ো। একের পর এক মিস না করলে পাউলিনিয়ো হ্যাটট্রিকও করতে পারতেন প্রথম ৬০ মিনিটে! ম্যাচের আগে নেইমারকে মিস করার কথা বলেছিল ব্রাজিলের সবাই। কিন্তু তাঁকে ছাড়াই সাম্বার ঝড় তুলেছিল তিতের দল। বিরতির আগে বলের দখল রেখেছিল ৭৮ শতাংশ। আর পুরো ম্যাচে ৬৩ শতাংশ। ডগলাস কস্তার ড্রিবলিং, উইলিয়ানের জাদুকরী সব ক্রস কিংবা মাঝমাঠে কৌতিনিয়োর দাপট উপভোগ করেছে রাশিয়ার দর্শকরাও।

গতকালের আগে সবশেষ সাত ম্যাচ হারেনি ব্রাজিল। জয় চার, ড্র ছিল তিন ম্যাচে। গোলও হজম করতে হয়েছে মাত্র দুটি। ইউরোপিয়ান দলগুলোর মধ্যে সবশেষ হার ২০১৩ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে। রাশিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচেও পায়নি হারের স্বাদ। জয় তিন, ড্র দুটি। সবশেষ মস্কো সফরে ২০০৬ সালে ১-০ গোলে জিতেছিল রোনালদোর গোলে। আর রাশিয়া নিজেদের মাঠে সবশেষ সাত ম্যাচে জিতেছে মাত্র একটি। সেই ধারাবাহিকতাতেই মস্কোর শূন্য ডিগ্রি তাপমাত্রায় প্রথম ২০ মিনিটে ব্রাজিলের বলের দখল ছিল ৮০ শতাংশ। সপ্তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন গ্যাব্রিয়েল জেসাস। দানি আলভেসের ক্রস পেয়ে অফসাইড ট্র্যাপ ভেঙে পোস্টে শট নেন ম্যানসিটির এই ফরোয়ার্ড। দারুণ সেভে সেই শট প্রতিহত করেন রাশান গোলরক্ষক ইভর আকিনফিভ।

৩৩ মিনিট ডগলাস কস্তার শট লাগে সাইডনেটে। বিরতির আগে রাশিয়া পেয়েছিল দারুণ এক সুযোগ। ৩৭ মিনিটে ১০ গজ সামনে থেকে বল পেয়েও জালে জড়াতে পারেননি মিরানচাক। বিরতির আগে গোল পায়নি দুই দল। ব্রাজিল গোলের তালাটা খুলে ৫৩ মিনিটে। থিয়াগো সিলভার নেওয়া দুর্দান্ত হেড রুখে দিয়েছিলেন গোলরক্ষক। কিন্তু ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি ফাঁকায় থাকা মিরান্দা। জাতীয় দলের হয়ে এটা তাঁর দ্বিতীয় গোল। 

৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। একের পর এক মিস করা পাউলিনিয়ো প্রথম এক ঘণ্টাতেই হ্যাটট্রিকই করতে পারতেন গতকাল! শেষ পর্যন্ত ডি বক্সে পাউলিনিয়ো ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় ব্রাজিল। ঠাণ্ডা মাথায় বল জালে জড়াতে ভুল করেননি রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দেওয়া কৌতিনিয়ো। অবশ্য গোলের দেখা পেয়েছেন পাউলিনিয়োও। ৬৬ মিনিটে উইলিয়ানের ক্রস থেকে নেওয়া হেডারে বল জালে জড়ান তিনি। এপি

Post a Comment

Previous Post Next Post