হামলাকারী ফয়জুরের চাচা আটক



অনলাইন ডেস্কঃ অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় হামলাকারী ফয়জুলের চাচা আবুল কাহার লুলইকে (৫৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা।

রোববার (৪ মার্চ) ভোরে হামলাকারী ফয়জুলের গ্রামের বাড়ি দিরাই উপজেলার কলিয়ার কাপন থেকে তাকে আটক করে র‌্যাব।

সুনামগঞ্জের দিরাই থানার পরিদর্শক (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদস্যরা তাকে আটক করেছে। এর আগে হামলাকারী ফয়জুরের মামা ফজলুর রহমানকে সিলেট থেকে আটক করা হয়।

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করেন আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক। পরে তাকে শিক্ষার্থীরা ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আর অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর রাতেই হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। ঢাকায় পৌঁছেই ড. মুহম্মদ জাফর ইকবালকে সিএমএইচে ভর্তি করানো হয়।

Post a Comment

Previous Post Next Post