ছাত্রলীগের ২৯তম কাউন্সিল স্থগিত



অনলাইন ডেস্কঃ ছাত্রলীগের ২৯তম কাউন্সিল স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ৩১ মার্চের কাউন্সিল স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি এ নির্দেশনা দেন।

বিষয়টি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন, ৩১ মার্চের কাউন্সিল আপাতত হচ্ছে না। পরবর্তীতে সময় মতো হবে। তা সবাইকে জানিয়ে দেয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে ৩১ মার্চ কাউন্সিল করার নির্দেশনা দিয়েছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। যদিও গতকাল ৭ মার্চের সভায় প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাদের সম্মেলন করার পুনর্নির্দেশনা দেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই ২৮তম সম্মেলনে সাইফুর রহমান সোহাগকে সভাপতি এবং এসএম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী, ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর। সে হিসেবে ২০১৭ সালের জুলাইয়ে এই কমিটি বিলুপ্ত হওয়ার কথা ছিল।

গত ৬ জানুয়ারি রাজধানীতে ছাত্রলীগের একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে মার্চে জাতীয় সম্মেলন করার নির্দেশ দেন। এটি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ইচ্ছা সেটিও জানিয়ে দেন তিনি। এরপরই ৩১ মার্চ এবং ১ এপ্রিল সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন ছাত্রলীগ সভাপতি সোহাগ।

Post a Comment

Previous Post Next Post