মালিতে নিহত ৪ শান্তিরক্ষীর মরদেহ পরিবারে হস্তান্তর



অনলাইন ডেস্কঃ পশ্চিম আফ্রিকার মালিতে রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত চার বাংলাদেশি শান্তিরক্ষী সেনা সদস্যের জানাজা ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) সকাল ৯টায় ঢাকা সেনানিবাসের ১৩ এমপি ইউনিটের ‘চপার্স ডেন’-এ তাদের জানাজা এবং শ্রদ্ধা জানানো হয়। পরে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার আবুল কালাম (পিরোজপুর), ল্যান্স করপোরাল আকতার (ময়মনসিংহ), সৈনিক রায়হান (পাবনা) ও সৈনিক জামাল (চাঁপাইনবাবগঞ্জ)।

জানাজায় তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনা সদস্যরাসহ উপস্থিত ছিলেন। এছাড়াও মিনুসমা ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল আমাদু কেনে উপস্থিত ছিলেন। জানাজা শেষে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের গ্রামের বাড়িতে মরদেহ পাঠানো হয়। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাদের মরদেহ নিয়ে যাওয়া হয়।

এর আগে, ১৫ মার্চ সন্ধ্যায় নিহতদের মরদেহ দেশে পৌঁছায়। গত ২৮ ফেব্রুয়ারি আফ্রিকার মালিতে স্থানীয় সময় দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) দোয়েঞ্জা নামক স্থানে সন্ত্রাসীদের পুঁতে রাখা শক্তিশালী মাইন বিস্ফোরণে চার জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও চার জন আহত হন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছিলেন আইএসপিআরের সহকারী পরিচালক রেজা-উল করিম শাম্মী।

Post a Comment

Previous Post Next Post