বিশেষ প্রতিনিধি: চাকুরী জাতীয়করনের দাবীতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সেবাদানকারী স্বাস্থ্যকর্মী কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডাররা (সিএইচসিপি) ঢাকা প্রেসক্লাবের সামনে রাজপথে ১লা ফেব্রুয়ারী থেকে আমরণ অনশন করছে।
জানা যায়, সিএইচসিপিরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২০ জানুয়ারী থেকে জেলার প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন। ২৩-২৪ জানুয়ারী সকাল ৯টা থেকে তিনটা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি হিসেবে আন্দোলন করেছেন সিএইচসিপিরা। ২৭ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন সিএইচসিপিরা।
অনশনরত সিএইচসিপিরা বলেন, সারা দেশে ১৩ হাজার ৪৪২টি ক্লিনিক চালু আছে। আমরা সপ্তাহে ছয় দিন প্রতিটি ক্লিনিকে দৈনিক ৪০ থেকে ৫০ জন মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। সেই হিসাবে দৈনিক পাঁচ লাখের বেশি গ্রামীণ মানুষ এসব ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেয়ে থেকে। আমাদের অবস্থানের কর্মসূচির কারণে এখন ৫ লাখের বেশি গ্রামীণ মানুষ এ সেবা থেবে বঞ্চিত হচ্ছে। তাই সরকারের কাছে আকুল আবেদন এ সব গ্রামীণ মানুষদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করবেন না। আমাদের চাকরি জাতীয়করণ করে পুনরায় সেবা করার সুযোগ দিন।
