নিউজ ডেস্কঃ শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের কাছে উপবন ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের ম্যানেজার (ডিআরএম) গৌছুল মুনির।
তিনি জানান, আগামী ৩ কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি জানান, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার আব্দুল হাই একটি কমিটি গঠন করেছেন। সেখানে চিফ সিগন্যাল অ্যান্ড ট্রলিকম ইঞ্জিনিয়ার চন্দন কান্তি দাসকে প্রধান করে চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, চিফ ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, চিফ অপারেটিং সুপারেন্টেডেন্ট সুজিত কুমারকে এ কমিটির সদস্য করা হয়েছে।
এছাড়া রেলওয়ের ঢাকা বিভাগীয় ভারপ্রাপ্ত পরিবহন কর্মকর্তা শফিকুর রহমানকে প্রধান করে ও ডিভিশিনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই), ডিভিশিনাল ইঞ্জিনিয়ার ঢাকা-১ (ডিই), ডিভিশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ারকে (ডিইই) সদস্য করে ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।
প্রসঙ্গত, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের কাছে উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর ৪টা ৩০ মিনিটে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
