কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের শমশেরনগরে ৪র্থ বইমেলা ও পদক বিতরণ-২০১৮ সম্পন্ন হয়েছে। বইমেলাটি বিশিষ্ট শিক্ষক, রাজনীতিবিদ ও সর্বজন প্রিয় মরহুম মো. বেলায়েত আলী এর নামে উৎসর্গ করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) 'বই পড়ুন, আলোকিত হোন' এ শ্লোগানে ঋদ্ধ হয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে 'শমশেরনগর সাহিত্যাঙ্গন' স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করে শমশেরনগর নগর বইমেলা ২০১৮।
এটি তাদের ৪র্থ আয়োজন। মেলা সকাল ৯ ঘটিকা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত চলে। বইমেলায় মোট দশটি স্টল অংশগ্রহণ করে। বইমেলায় ছড়া, কবিতা, আবৃত্তি ও গানের মাধ্যমে অমর একুশে বন্দনার পাশাপাশি প্রতীকী ভাষা প্রতিযোগের আয়োজন করা হয়।
বিকাল ৩টায় সিলেটের লোকজ সংস্কৃতি নিয়ে গীতি আলেখ্য: 'শ্রী ভূমি দর্শন' পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার জেলা সংসদের শিল্পীরা।
বইমেলার উল্লেখযোগ্য আয়োজন ছিলো গুণীজন সংবর্ধনা। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচজনকে ‘শমশেরনগর পদক’-এ ভূষিত করা হয়। সাহিত্যে সৈয়দ নিয়াত আলী (মরণোত্তর), শিক্ষাক্ষেত্রে মহরম আলী (মরণোত্তর), ক্রীড়া ক্ষেত্রে মো. আব্দুল ওয়াহিদ (মরণোত্তর), সংস্কৃতিতে-(নাটক) নগেন্দ্র মোহন দত্ত (মরণোত্তর) ও লোক সাহিত্যে মাহফুজুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
শমশেরনগর সাহিত্যাঙ্গন এর সমন্বয়কারী কবি প্রভাষক শাহাজান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।
আলোচনায় অংশ নেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুওয়ানা ইয়াসমীন সুমী, লোক সাহিত্যিক মাহফুজুর রহমান, লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি শহীদ সাগ্নিক, সমাজসেবক আব্দুল হান্নান চিনু প্রমুখ।
সবশেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার পরিসমাপ্তি ঘটে।
