নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে দালালদের কবল থেকে সতর্ক থাকার এবং কোন প্রকার লেনদেন না করার আহবান জানিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
২৫ ফেব্রুয়ারি মৌলভীবাজার পুলিশ লাইনসে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ-মহিলা) পদে নিয়োগের প্রাথমিক বাছাই পর্বকে কেন্দ্র করে পুলিশের এ উদ্যোগে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।
মৌলভীবাজারে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা জুড়ে পোস্টারের পাশাপাশি মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে দেখা গেছে।
জেলা পুলিশের সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি সকাল ৯টায় মৌলভীবাজার পুলিশ লাইনসে পুলিশ ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (পুরুষ/মহিলা) পদে লোক ভর্তি করা হবে।
প্রচারণায় বলা হচ্ছে, কেউ পুলিশে চাকরির লোভ দেখিয়ে আর্থিক লেনদেনসহ কোন প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করা, ভুয়া ঠিকানা বা ভুল তথ্য প্রদানের মাধ্যমে ভর্তি হওয়ার অপচেষ্টা পরিহার করা, কারো কোন আশ্বাসের মাধ্যমে টাকা পয়সা লেনদেন না করা এবং কোন অসাধু দালাল যদি কোন ধরণের প্রতারণা করে তার তথ্য প্রদান করা ইত্যাদি।
এবিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল সাংবাদিকদের একাজে সহযোগিতা করার আহবান জানিয়ে গনমাধ্যমকে বলেন, পুলিশ নিয়োগে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে দেয়া হবে। চাকরির জন্য যাতে কেউ কোন দালালকে ঘুষ প্রদান বা কোন ধরনের লেনদেন না করে তাই এই প্রচার।
তিনি আরো বলেন, দালাল বা প্রতারকদের বিষয়ে আমরা গোয়েন্দা নজরদারী বাড়িয়েছি।
